দুইটি ব্রোঞ্জ জিতলো আর্টোলজি
“ক্রিয়েটিভিটি ইন দ্য এজ ও ডিসরাপশন,” প্রতিপাদ্যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কমিউনিকেশন সামিটে প্রতিষ্ঠার এক বছরেই প্রযুক্তিতে শৈল্পিক ব্যবহারে দুইটি সম্মাননা জিতে নিয়েছে আর্টোলজি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগের ১২ তম অধিবেশনে শিল্প নির্দেশনায় এবং সৃজনশীল প্রচারণায় কানস লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় এবং দ্য ডেইলি স্টারের সম্পৃক্ততায় ব্রোঞ্জ পদক জিতেছে প্রতিষ্ঠানটি।
শনিবার সন্ধ্যায় আর্টোলজি প্রতিষ্ঠাতা রাবি হাসানের হাতে সম্মাননা তুলে দেন দ্য টাইমস অব ইন্ডিয়া গ্রুপ ও অ্যাডভার্টাইজিং ক্লাব, ভারতের প্রেসিডেন্ট পার্থ সিনহা। এসময় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম, ওগিলভি ইন্ডিয়ার চিফ ক্রিয়েটিভ অফিসার কাইনাজ কর্মকার, এম এন্ড সি সাচি গ্রুপ সিঙ্গাপুরের চিফ ক্রিয়েটিভ অফিসার আলী শাহবাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম বলেন, “আমরা ক্রিয়েটিভ অগ্রগতির সোনালী সময়ে অবস্থান করছি। বিগত এক বছরে আমরা কৃত্তিম বুদ্ধিমত্তার চূড়ান্ত সম্ভাবনাকেও প্রত্যক্ষ করেছি। তাই আসন্ন ভবিষ্যতে আমাদের যাবতীয় বার্তা যোগাযোগকে হতে হবে আরো অধিক উদ্ভাবনী সমৃদ্ধ। একইসাথে, সামাজিক নানাবিধ সমস্যাকে আমাদের প্রচারণার মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও আরো কৌশলী ও সক্ষম হতে হবে।”
প্রসঙ্গত, আইপিডিসি আমাদের গান ঈদ প্লে লিস্ট তৈরি করে এই সম্মাননা পেয়েছে আর্টোলজি।





